প্রতীকী ছবি
রাজশাহীতে চোর সন্দেহে রাকিবুল হাসান রকি (৩২) নামের এক যুবককে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজের চারু মামার ক্যান্টিনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রাকিবুল হাসান রকি নগরীর হেতেমখাঁ কারিগরপাড়া এলাকার বাসিন্দা। গ্রেপ্তাররা হলেন রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থী আতিক, সৈয়ব ও ফাহিম। শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় চুরির সন্দেহে রাকিবুল হাসানকে আটক করেন কয়েকজন শিক্ষার্থীরা। পরে তাকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে মারধর করা হয়। এতে তার দুই হাত, দুই পা ও পিঠে গুরুতর আঘাত লাগে। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। শুক্রবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাকিবুলের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহতের বোন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় শুক্রবার সকালে রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
