বাংলাদেশের প্রথম হকি অধিনায়ক আব্দুস সাদেক। ছবি: সংগৃহীত
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম কিংবদন্তি, জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক আব্দুস সাদেক আর নেই। আজ সকাল ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
আজ বাদ আসর তার বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের বায়তুস সোবহান জামে মসজিদে প্রথম জানাজা হবে। এরপর আগামীকাল সকাল সাড়ে ১০টায় রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে তার দ্বিতীয় জানাজা সম্পন্ন হবে।
স্বাধীনতার আগে পাকিস্তান জাতীয় হকি দলের হয়ে খেলা আব্দুস সাদেক পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের হয়ে মাঠ মাতান এবং দেশের প্রথম হকি অধিনায়ক হওয়ার কীর্তি অর্জন করেন। তার নেতৃত্বেই ১৯৭৮ সালে ব্যাংকক এশিয়ান গেমসে অংশ নেয় বাংলাদেশ হকি দল, যা আন্তর্জাতিক হকি অঙ্গনে বাংলাদেশের প্রথম টুর্নামেন্ট।
কেবল হকিতেই নয়, ফুটবল ও ক্রিকেটেও সমান পারদর্শী ছিলেন সাদেক। ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী লিমিটেডের প্রথম ফুটবল অধিনায়ক ছিলেন তিনি। দেশের ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৬ সালে তাকে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত করা হয়।
