কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লেখক:
প্রকাশ: ৫ দিন আগে
ছবি :সংগৃহীত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। নিহতদের সবার বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলায়। স্থানীয় সময় গতকাল রোববার কাতারের একটি মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত বাংলাদেশিরা হলেন কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

জানা গেছে, প্রতিদিনের মতো রোববার ভোরে নিজেদের কর্মস্থলে যাচ্ছিলেন ওই প্রবাসীরা। পথে তাদের বহনকারী গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ছিটকে পড়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। গাড়িটি ঠিক কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল তা এখনও স্পষ্ট নয়; দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে স্থানীয় ট্রাফিক পুলিশ তদন্ত শুরু করেছে।

দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত বাংলাদেশিদের আইনি প্রক্রিয়া ও দাপ্তরিক কাগজপত্র সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে মরদেহগুলো দেশে পরিবারের কাছে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে কাতার প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

এ বিষয়ে ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতার’-এর সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানান, কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের সঙ্গে তারা সার্বক্ষণিক সমন্বয় করছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ যতো দ্রুত সম্ভব স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

  • কাতার
  • নিহত
  • বাংলাদেশি
  • সড়ক দুর্ঘটনা