তলিয়ে যান ড্রেনে পড়ে, ৪০ মিনিট পর ভেসে উঠল নারীর মরদেহ

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ দিন আগে

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস এলাকায় খোলা ড্রেনে পড়ে নাজমা খাতুন (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। নাজমা খাতুন সাতক্ষীরা জেলার বলাডাঙ্গা এলাকার আব্দুল বারীর মেয়ে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ভারি বৃষ্টিপাতের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। মহাসড়কের পাশে একটি ড্রেনের ঢাকনা খোলা থাকলেও বৃষ্টির পানিতে সেটি ঢেকে যায়। ফলে নিচে খোলা ড্রেন আছে তা বুঝতে না পেরে নাজমা খাতুন সেখানে পড়ে যান এবং স্রোতে তলিয়ে যান।

স্থানীয়রা জানান, প্রায় ৪০ মিনিট পর ডুবে যাওয়ার স্থান থেকে কিছু দূরে তার মরদেহ ভেসে উঠতে দেখা যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। গাজীপুরে তার কোনো নিকটাত্মীয়কে খুঁজে পাওয়া না যাওয়ায় বিষয়টি সাতক্ষীরা জেলা পুলিশকে অবহিত করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছর একই ধরনের ঘটনায়, গাজীপুরের টঙ্গীতে খোলা ড্রেনে পড়ে ফারিয়া তাসনিম নামে এক নারী নিখোঁজ হন। এর ৩ দিন পড় ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

  • গাজীপুর
  • ড্রেন
  • নারী
  • মরদেহ