বিশ্বকাপে নিজেদের প্রথম অংশগ্রহণেই কেপ ভার্দে স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে। এবার দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছে আফ্রিকার ছোট্ট দেশটি। ফুটবলের দুই পরাশক্তির বিপক্ষে টানা দুই ম্যাচে পয়েন্ট তুলে নিয়ে নকআউটে ওঠার স্বপ্ন আরও উজ্জ্বল করেছে তারা।
মায়ামি স্টেডিয়ামে সোমবার (২২ জুন) বিশ্বকাপের নবাগত দল কেপ ভার্দে এক শ্বাসরুদ্ধকর লড়াই উপহার দিয়েছে ফুটবল বিশ্বকে।
ম্যাচের শুরুতে বলের দখল ও আক্রমণে আধিপত্য ছিল উরুগুয়ের। তবে সুসংগঠিত রক্ষণে প্রতিপক্ষকে আটকে রেখে ২১ মিনিটে ইতিহাস গড়ে কেপ ভার্দে। রদ্রিগো বেনতানকুরের ফাউলে পাওয়া ফ্রি-কিক থেকে কেভিন পিনা দুর্দান্ত শটে উরুগুয়ের রক্ষণভাগের দেয়াল ভেদ করে বল জালে পাঠান। বিশ্বকাপের ইতিহাসে এটিই ছিল কেপ ভার্দের প্রথম গোল।
গোল হজমের পর আক্রমণের চাপ বাড়ায় উরুগুয়ে। ৪৪ মিনিটে পোস্টে লেগে ফিরে আসা বল সহজ টোকায় জালে পাঠিয়ে সমতা ফেরান ম্যাক্সি আরাউহো। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আরাউহোর হেড থেকে পাওয়া বল কাছ থেকে জালে জড়িয়ে উরুগুয়েকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন অগাস্টিন কানোবিও।
বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখলেও ব্যবধান বাড়াতে পারেনি উরুগুয়ে। এরই মধ্যে ৬৩ মিনিটে উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার ভুলের সুযোগ কাজে লাগিয়ে সমতায় ফেরে কেপ ভার্দে। বদলি খেলোয়াড় ভ্যারেলার তৈরি আক্রমণ থেকে আসে গুরুত্বপূর্ণ সেই গোল।
সমতায় ফেরার পর আত্মবিশ্বাসী হয়ে ওঠে কেপ ভার্দে। ৬৪ মিনিটে জামিরো মন্টেইরোর দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে উরুগুয়ে ৬৮ মিনিটে কর্নার থেকে বল জালে পাঠালেও অফসাইডের কারণে ভিএআর পর্যালোচনায় গোল বাতিল হয়।
শেষদিকে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দলই। ৮৯ মিনিটে ফেদেরিকো ভালভার্দের ফ্রি-কিক ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। যোগ করা সময়ে ডারউইন নুনিয়েস, কানো ও দা কস্তাদের কয়েকটি আক্রমণ থেকেও আর গোল আসেনি। ফলে ২-২ সমতায় শেষ হয় রোমাঞ্চকর লড়াই।
স্পেনের পর উরুগুয়ের বিপক্ষেও ড্র করে বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচেই চমক দেখিয়েছে কেপ ভার্দে। দুই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ২ পয়েন্ট ছিনিয়ে নিয়ে নকআউট পর্বের খুব কাছাকাছি পৌঁছে গেছে আফ্রিকার দেশটি। উরুগুয়ে নিজেদের শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে হারলে, সৌদি আরবের বিপক্ষে ড্র করলেও শেষ ৩২ নিশ্চিত করবে কেপ ভার্দে। অথবা তবে উরুগুয়ে ড্র করলে শেষ ম্যাচে জিততে হবে কেপ ভার্দে।
