৪ বছরে পদ্মা সেতুর টোল আয় সাড়ে ৩ হাজার কোটি টাকা

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৮ ঘন্টা আগে
ছবি : পদ্মা সেতু (সংগৃহীত)

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আনা পদ্মা সেতু চালুর চার বছর পূর্ণ হয়েছে। এ সময়ে সেতুটি দিয়ে প্রায় ২ কোটি ৬৭ লাখ যানবাহন চলাচল করেছে এবং টোল আদায় হয়েছে প্রায় ৩ হাজার ৩৯৪ কোটি ৪৫ লাখ টাকা। বৃহস্পতিবার দুপুরে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় এ তথ্য নিশ্চিত করেন।

তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর ওই বছর পদ্মা সেতু দিয়ে ২৭ লাখ ৯০ হাজার ৪৬৫টি যানবাহন চলাচল করে। এতে টোল আদায় হয় ৪০২ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ১৫০ টাকা।

২০২৩ সালে যানবাহন চলাচল বেড়ে দাঁড়ায় ৬২ লাখ ৫৭ হাজার ৪৯৪টিতে। ওই বছর টোল আদায় হয় ৮১৪ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৬০০ টাকা। ২০২৪ সালে সেতুটি ব্যবহার করে ৬৭ লাখ ৩৪ হাজার ৯০৪টি যানবাহন। এ সময় টোল থেকে আয় হয় ৮৩৬ কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ১০০ টাকা। ২০২৫ সালে সর্বোচ্চ ৭২ লাখ ৪১ হাজার ৫৮৭টি যানবাহন পদ্মা সেতু অতিক্রম করে। ওই বছর টোল আদায়ও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে ৮৮৮ কোটি ৮১ লাখ ৬৫ হাজার ৬৫০ টাকায়।

চলতি বছর ২০২৬ সালের ২৩ জুন পর্যন্ত পদ্মা সেতু দিয়ে ৩৬ লাখ ৯০ হাজার ৭৮১টি যানবাহন চলাচল করেছে। এ সময়ে টোল আদায় হয়েছে ৪৫১ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকা।

সব মিলিয়ে ২০২২ সালের ২৫ জুন থেকে ২০২৬ সালের ২৩ জুন পর্যন্ত পদ্মা সেতু দিয়ে মোট ২ কোটি ৬৭ লাখ ১৫ হাজার ২৩১টি যানবাহন চলাচল করেছে। একই সময়ে টোল আদায় হয়েছে ৩ হাজার ৩৯৪ কোটি ৪৫ লাখ ২২ হাজার ৫০০ টাকা।

প্রসঙ্গত, দীর্ঘ প্রতীক্ষার পর ২০২২ সালের ২৫ জুন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করেন। পরদিন ২৬ জুন সাধারণ যানবাহন চলাচলের জন্য ৬.১৫ কিলোমিটার দীর্ঘ সেতুটি খুলে দেওয়া হয়।

  • আয়
  • পদ্মা সেতু