বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমি জামিনে কারামুক্ত

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ দিন আগে

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর জেরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি জামিনে কারামুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) বিকেল পৌনে ৩টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

বিষয়টি নিশ্চিত করে কারাগারের জেলার শিরিন আক্তার জানান, বৃহস্পতিবার সকালে উচ্চ আদালত থেকে তার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। তা যাচাই-বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে বিকেল পৌনে ৩টার দিকে জামিনে মুক্তি দেওয়া হয়।

কারা কর্তৃপক্ষ ও আদালত সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ইমির অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। আদালতে তার পক্ষে শুনানি করেন আইনজীবী মুহা. নোমান হোসাইন।

দীর্ঘ ৬০ দিন কারাভোগের পর মুক্ত হয়ে ইমি সাংবাদিকদের বলেন, আমি মুক্তিযুদ্ধকে শ্রদ্ধা করি এবং ধারণ করি। সেই সুবাদে ৭ মার্চের ভাষণ বাজিয়েছিলাম। এটি কোনো অন্যায় নয়। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি মব সৃষ্টি করে আমাদের থামানোর চেষ্টা করেছে এবং মিথ্যা মামলায় আটকে রেখেছে। দেশবাসী একদিন এর বিচার করবে।

চলতি বছরের ৭ মার্চ রাতে শাহবাগ থানার সামনে রিকশায় মাইক বেঁধে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর কর্মসূচি পালন করছিলেন ইমিসহ কয়েকজন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা তাদের বাধা প্রদান করেন এবং জোরপূর্বক থানায় নিয়ে যান। পরদিন পুলিশ ইমিসহ তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়।

  • ৭ মার্চ
  • ইমি
  • কারামুক্ত
  • জামিন
  • বঙ্গবন্ধু
  • ভাষণ