ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে

কুমিল্লার নঙ্গলকোটের হাসানপুর স্টেশনে সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল ও একই সময়ে গুণবতী এলাকায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে। লাকসাম জংশন স্টেশন মাস্টার মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসানপুর স্টেশনের আউটারে ইঞ্জিন বিকল হয় চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের। রাত ৮টার দিকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস অন্য লাইন দিয়ে যাওয়ার সময় হাসানপুর ও গুণবতী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে এসে লাইনচ্যুত হয়।

তিনি আরও বলেন, এতে দুটি লাইনেই বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ। তবে বিকল্প ইঞ্জিন আনা হচ্ছে। সেটি আসলেই আবার চালু হবে রেল যোগাযোগ।

এদিকে নাঙ্গলকোট স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুর স্টেশনের অদূরে ইঞ্জিন বিকল হয়ে আপ লাইনে আটকা পড়ে।

শেষ খবর পাওয়া পর্যন্ত সোনার বাংলা এক্সপ্রেসের বিকল ইঞ্জিন ও মেঘনা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধারের চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন এলেই কাজ শুরু হবে।

  • চট্টগ্রাম
  • ঢাকা
  • বন্ধ
  • যোগাযোগ
  • রেল