প্রতীকী ছবি
রাজধানীর শাহবাগ এলাকার আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের ১৪ তলার একটি ফ্ল্যাট থেকে ফারা ফোরদৌস (২৭) নামে এক ইন্টার্ন চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) বিকেলে এই ঘটনা ঘটে। দীর্ঘ তিন দিন পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর অবশেষে তার নিথর দেহের সন্ধান মেলে।
নিহত ফারা ফেরদৌস খুলনার ফুলতলা থানার পয়গ্রাম গ্রামের বাসিন্দা মো. আ. রশিদ ও ফেরদৌসি রশিদের কন্যা। তিনি ঢাকায় থেকে চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা করছিলেন।
গত ২০২২ সাল থেকে তিনি শাহবাগের আজিজ সুপার মার্কেটের ১৪ তলার একটি ফ্ল্যাটে একাকী ভাড়া থাকতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ২৩ জুনের পর থেকে ফারার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না। বারবার চেষ্টা করেও তার খোঁজ না পেয়ে শুক্রবার বিকেলে স্বজনরা ঢাকায় তার ভাড়া বাসায় আসেন। বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে ঘরের ভেতরে ফারার মরদেহ পড়ে থাকতে দেখে তারা হতভম্ব হয়ে পড়েন এবং তাৎক্ষণিকভাবে শাহবাগ থানায় খবর দেন।
খবর পেয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সুরতহাল প্রতিবেদন তৈরিসহ আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যা ৬টায় মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মর্গে পাঠানো হয়।
একজন মেধাবী মেডিকেল শিক্ষার্থীর এমন আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে তার পরিবার ও সহপাঠীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ফারার বড় বোন নুজুলা ফেরদৌস শোকে ভেঙে পড়েছেন। ঠিক কী কারণে, কখন এবং কীভাবে এই তরুণীর মৃত্যু হয়েছে, তা এখনো সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারছেন না।
এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার তদন্তকারী কর্মকর্তা জানান, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
