হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ দিন আগে
ছবি : সংগৃহীত

দেশজুড়ে শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮৯ জনের শরীরে হাম অথবা এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল শনিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে নতুন করে ৪৫ জনের শরীরে হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৭৪৪ জনের মধ্যে রোগটির উপসর্গ পাওয়া গেছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও উপসর্গ শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১১ হাজার ৫৯৪ জনের হাম শনাক্ত হয়েছে। অন্যদিকে উপসর্গ পাওয়া গেছে ৯৮ হাজার ২৬৬ জনের শরীরে।

সর্বশেষ একদিনে হামের উপসর্গে সবচেয়ে বেশি চার শিশুর মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে। এছাড়া ঢাকা ও খুলনা বিভাগে একজন করে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে ৭০৮ জনে পৌঁছেছে।

রোগটির প্রভাবে হাসপাতালগুলোতেও চাপ বাড়ছে। গত সাড়ে তিন মাসে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ হাজার ৯৫৫ জন। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ হাজার ২৮৭ জন।

  • মৃত্যু
  • শিশু
  • হাম