ছবি: কণ্ঠশিল্পী মমতাজ বেগম
দুই হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য এবং জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদন শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে মমতাজ বেগমের পক্ষে শুনানি করেন আইনজীবী সারা হোসেন ও খায়রুন্নেসা। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
আদালত সূত্রে জানা গেছে, দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় মমতাজ বেগমের জামিন চেয়ে করা আবেদনের পর হাইকোর্ট রুল জারি করেছিলেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে তা যথাযথ ঘোষণা করে তিন মামলাতেই তার জামিন মঞ্জুর করেন আদালত।
গত বছরের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
প্রসঙ্গত, মমতাজ বেগম একজন জনপ্রিয় লোকসংগীতশিল্পী। তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
