বগুড়ায় গলাকাটা লাশ উদ্ধার

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৪ ঘন্টা আগে
প্রতীকী ছবি

বগুড়ার শিবগঞ্জে শাহ আলম (৪০) নামে এক কৃষি শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার বিহার ইউনিয়নের সংসারদিঘী গ্রামের জুট মিলসংলগ্ন জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শাহ আলম সংসারদিঘী দুবিলা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি এলাকায় কৃষি শ্রমিকের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জুট মিলের পাশের একটি জমিতে শাহ আলমের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান।

বিহার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শাহজাহান আলী বলেন, ‘শাহ আলম তার ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। কিছুদিন আগে স্ত্রীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। এ নিয়ে এলাকায় একটি সালিশ বৈঠকও হয়েছিল। সকালে স্থানীয় লোকজন জুটমিলের পাশের জমিতে তার লাশ পড়ে থাকতে দেখে তাকে খবর দেন।’

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। হত্যার কারণ বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

  • উদ্ধার
  • গলাকাটা
  • বগুড়া
  • লাশ