মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিলল কাশবনে

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত

ফরিদপুরের সদরপুরে মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু শাহাদাত বেপারীর লাশ তিন দিন পর আড়িয়াল খাঁ নদের পাড়ের একটি কাশবন থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) দুপুর দেড়টার দিকে সদরপুর উপজেলার চর নাছিরপুর ইউনিয়নের একটি কাশবন থেকে লাশটি উদ্ধার করা হয়। শাহাদাত উপজেলার মধ্য চন্দ্রপাড়া গ্রামের রশিদ বেপারীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৬ জুন) মহররম উপলক্ষে চন্দ্রপাড়া দরবার-সংলগ্ন ট্রলারঘাটে আয়োজিত মেলায় পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ হয় শাহাদাত। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করেও তার কোনো সন্ধান পাননি।

অভিযোগ রয়েছে, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন এক দোলনা কর্মী ঘটনার তিন দিন পর শাহাদাতের বোন রওশনারার মোবাইল ফোনে কল করে লাশের অবস্থান জানিয়ে পালিয়ে যায়।

পরিবারের সদস্যরা জানান, ওই ফোনকলের ভিত্তিতে তারা আড়িয়াল খাঁ নদের পাড়ের কাশবনে গিয়ে শাহাদাতের লাশ শনাক্ত করেন। পরে খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী মেলায় থাকা দোলনার মালিকসহ পাঁচ কর্মচারীকে আটক করে মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের নিজেদের হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু এবং সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ।

ওসি বলেন, ঘটনার রহস্য উদঘাটন এবং পলাতক মূল সন্দেহভাজনকে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। তদন্তের স্বার্থে সব দিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

  • ফরিদপুর
  • লাশ
  • শিশু
  • সদরপুর