রূপপুর গ্রিনসিটিতে ২৫ দিনে দুই রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ ঘন্টা আগে

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের গ্রিনসিটি আবাসিক এলাকা থেকে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মাত্র ২৫ দিনের ব্যবধানে একই এলাকায় এটি দ্বিতীয় বিদেশি নাগরিকের মৃত্যু। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাহাপুর নতুনহাট এলাকায় গ্রিনসিটি বহুতল আবাসিকের ২১ নম্বর ভবনের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি লাতিপভ ভিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত ঠিকাদারি প্রতিষ্ঠান রোজেনারগো অ্যাটমের একজন কর্মী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে সহকর্মীরা নিজ কক্ষে তাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে কর্তৃপক্ষকে জানানো হলে প্রকল্পের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

এর আগে ১ মে গ্রিনসিটি এলাকায় একটি উন্মুক্ত ব্যায়ামাগার থেকে চুরকিন ভ্লাদিমির নামের আরেক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। ময়নাতদন্ত শেষে তার মরদেহ রাশিয়ায় পাঠানো হয়।

  • উদ্ধার
  • নাগরিক
  • মরদেহ
  • রুশ
  • রূপপুর