প্রতীকী ছবি
রাজশাহীতে ধার নেওয়া ৪৫০ টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে আশিকুর রহমান (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ফয়সাল আলী জয়কে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক।
সোমবার (২৫ মে) সকালে রাজশাহীর দামকুড়া থানার জোতরাবোন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশিকুর রহমান জোতরাবোন গ্রামের আকরাম আলীর ছেলে। অভিযুক্ত ফয়সাল আলীর বাবার নাম মোন্তাজ আলী।
দামকুড়া থানার ওসি আশরাফুল ইসলাম জানান, গত ২১ মে ফয়সাল আলীর কাছ থেকে ৪৫০ টাকা ধার নেন আশিকুর। সোমবার সকাল ১০টার দিকে ফয়সাল ওই টাকা চাইতে আশিকুরের বাড়িতে গেলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ফয়সাল সেখান থেকে ফিরে যান। বেলা ১১টার দিকে তিনি অটোরিকশা নিয়ে বাইরে বের হন। এ সময় পুনরায় আশিকুরের সঙ্গে তার দেখা হয়। তখন আবারও কথা কাটাকাটি এবং একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। ওই সময় ছুরি দিয়ে আশিকুরের বাম পাঁজরে আঘাত করেন ফয়সাল। এরপর তিনি পালিয়ে যান।
স্থানীয়রা আহত অবস্থায় আশিকুরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ঘটনার পর ফয়সাল আলী জয়কে রাজশাহী মহানগরীর আলুপট্টি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।
