ছবি: সংগৃহীত
জার্মানির লোয়ার স্যাক্সনি অঙ্গরাজ্যের স্টাডে শহরের একটি মা ও শিশু আবাসনকেন্দ্রে বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ সন্দেহভাজন বন্দুকধারীসহ তিনজনকে আটক করেছে। সোমবার (২৯ জুন) দুপুরের দিকে জার্মানির পশ্চিমের লোয়ার স্যাক্সনির স্টাডে শহরে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় শোকে স্তব্ধ পুরো জার্মানি।
পুলিশ জানিয়েছে, গুলিতে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে ঘটনার পরপরই বিপুলসংখ্যক পুলিশ, চিকিৎসাকর্মী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। স্টাডে পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীসহ তিনজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষের জন্য কোনো হুমকি নেই।
এদিকে নিহত ও আটক ব্যক্তিদের পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ। লোয়ার স্যাক্সনি পুলিশ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, হামলার কারণ এবং ঘটনার পুরো প্রেক্ষাপট জানতে তদন্ত চলছে।
পুলিশের ভাষ্য, অনলাইনে প্রচারিত অনেক তথ্য পুলিশের নিশ্চিত করা তথ্যের সঙ্গে মিলছে না। যাচাই ছাড়া কোনো তথ্য, ভয়েস বার্তা বা গুজব ছড়িয়ে না দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছে তারা।
