পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৯

লেখক: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে
ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাকি মারওয়াত জেলায় নওরং পুলিশ স্টেশনের কাছে একটি ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত এবং ১৮ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) নওরং বাজারের একটি ব্যস্ত এলাকায় এই জানমালের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে বলে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

উদ্ধারকারী সংস্থা ‘রেসকিউ ১১২২’ এর মুখপাত্র শাদাব খান জানিয়েছেন, ঘটনার পরপরই অ্যাম্বুলেন্স এবং বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সারাই নওরং তহসিলের নওরং বাজারের একটি রিকশার কাছে এই শক্তিশালী বিস্ফোরণটি ঘটে। হাসপাতালের প্রশাসন নিশ্চিত করেছে, বিস্ফোরণে নিহত সাতজনের মরদেহ নওরং হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

শহীদদের মধ্যে ট্রাফিক পুলিশের দুজন সদস্য রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় নওরং হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং সেখানে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু রয়েছেন। ব্যস্ত বাজার এলাকায় বিস্ফোরণটি ঘটায় সাধারণ পথচারী ও ক্রেতারা সবচেয়ে বেশি হতাহত হয়েছেন।

  • নিহত
  • পাকিস্তান
  • বিস্ফোরণ