পদ্মা সেতুতে টোল আদায় ৩৪২৯ কোটি, ১৬ কিস্তি পরিশোধ

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ ঘন্টা আগে
ছবি : পদ্মা সেতু (সংগৃহীত)

পদ্মা সেতু চালুর পর থেকে ২০২৬ সালের ২৯ জুন পর্যন্ত টোল বাবদ মোট ৩ হাজার ৪২৯ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫৫০ টাকা রাজস্ব আদায় হয়েছে। একই সময়ে সেতু দিয়ে পারাপার হয়েছে ২ কোটি ৬৮ লাখ ৬২ হাজার ৮০৮টি যানবাহন। এছাড়া ঋণের নির্ধারিত ১৬টি কিস্তি পরিশোধ করা হয়েছে এবং কোনো কিস্তি বকেয়া নেই বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। মঙ্গলবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, ২০০২ থেকে ২০০৫ সালের মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময়ে পদ্মা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়। ওই সমীক্ষায় নির্ধারিত চার লেনের মহাসড়ক ও ভবিষ্যৎ রেল সংযোগের প্রাথমিক সংস্থান-সংবলিত কারিগরি প্রস্তাব পরবর্তীতে সেতুর চূড়ান্ত নকশা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সময়ে মাওয়া প্রান্তে সেতুর অ্যালাইনমেন্ট অনুমোদন, সংযোগ সড়ক ও নদীশাসনের জন্য প্রয়োজনীয় জমির সীমানা নির্ধারণ এবং প্রাথমিক নকশা প্রণয়ন করা হয়, যা পরবর্তী সময়ে মূল নির্মাণকাজ সহজ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে ৩০ হাজার ৭৭০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতু ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয় এবং ২৬ জুন থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

সেতু কর্তৃপক্ষ জানায়, সরকারের অর্থ বিভাগের সঙ্গে চুক্তি অনুযায়ী ১ শতাংশ সুদে ৩৫ বছরের মধ্যে সুদসহ মোট ৩৬ হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে। প্রতি অর্থবছরে চার কিস্তিতে মোট ১৪০টি কিস্তির মাধ্যমে এ অর্থ পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে।

এ পর্যন্ত আদায়কৃত টোল থেকে ১৬টি কিস্তিতে মোট ২ হাজার ৫১৬ কোটি ৬৮ লাখ ৮৪ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এছাড়া টোলের ১৫ শতাংশ ভ্যাট বাবদ ৪৩৬ কোটি ৭ লাখ ৭৪ হাজার ২২১ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে সেতুর নিয়মিত রক্ষণাবেক্ষণ আন্তর্জাতিক মান বজায় রেখে পরিচালিত হচ্ছে। একই সঙ্গে আধুনিক, স্বয়ংক্রিয় ও ডিজিটাল যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে ইউনিফায়েড ন্যাশনাল ইটিসি ফ্রেমওয়ার্ক (ইউএনইএফ) এবং অন্যান্য জনবান্ধব কর্মসূচি বাস্তবায়নে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।

  • কিস্তি
  • টোল
  • পদ্মা সেতু
  • পরিশোধ