দৌলতপুরে পীর হত্যা মামলায় জামায়াত নেতা কারাগারে

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলার প্রধান আসামি জামায়াত নেতা মুহাম্মদ খাজা আহমেদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে মামলার দ্বিতীয় আসামি আসাদুজ্জামান আসাদকেও কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এনায়েতুল কবির শুনানি শেষে এ আদেশ দেন।

কারাগারে যাওয়া মুহাম্মদ খাজা আহমেদ কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং আসন্ন ফিলিপনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী। অপরদিকে আসাদুজ্জামান আসাদ বাংলাদেশ খেলাফত মজলিসের দৌলতপুর উপজেলা শাখার সভাপতি।

আদালত সূত্র জানা গেছে, হত্যা মামলায় উচ্চ আদালত থেকে প্রাপ্ত ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিনের মেয়াদ গতকাল ২৯ জুন শেষ হয়। এরপর মঙ্গলবার দুই আসামি কুষ্টিয়া জেলা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। তবে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ১৯ মে উচ্চ আদালত মামলার প্রধান আসামি মুহাম্মদ খাজা আহমেদ ও দ্বিতীয় আসামি আসাদুজ্জামান আসাদকে ৬ সপ্তাহের জামিন দিয়েছিলেন।

মামলার এজাহারে বলা হয়, গত ১১ এপ্রিল দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে পীর শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমানের দরবারে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ এনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় তাকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১৩ এপ্রিল নিহতের বড় ভাই মো. ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় মুহাম্মদ খাজা আহমেদকে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

  • কারাগার
  • জামায়াত নেতা
  • দৌলতপুর
  • পীর
  • মামলায
  • হত্যা