ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপে জয় উদযাপনের মেক্সিকোতে সময় ৩ জনের মৃত্যু

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫৮ minutes ago
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর ২-০ গোলের জয়ের উচ্ছ্বাসে রাজধানী মেক্সিকো সিটির রাস্তায় নেমেছিলেন হাজারও সমর্থক। তবে সেই উদযাপনেই দমবন্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) ভোরে মেক্সিকো সিটির স্বাস্থ্য বিভাগ জানায়, অ্যাঞ্জেল অব ইন্ডিপেনডেন্স স্মৃতিস্তম্ভের আশপাশে অতিরিক্ত ভিড়ের কারণে শ্বাসরোধে তিনজনের মৃত্যু হয়েছে।

জানা যায়, পাসেও দে লা রিফর্মা সড়ক ও আশপাশের বিভিন্ন স্থান থেকে অচেতন অবস্থায় তিনজনকে উদ্ধার করে জরুরি সেবা দল। বিশ্বকাপ উদযাপন উপলক্ষে রাজধানীর প্রধান এই সড়ক ও আশপাশের এলাকা যান চলাচলের জন্য বন্ধ রাখা হয়েছিল।

প্রথমে স্বাস্থ্য বিভাগ জানায়, উন্নত চিকিৎসা ও পুনরুজ্জীবনের চেষ্টা চালিয়েও ৪৪ বছর বয়সী এক পুরুষ এবং ১৯ বছর বয়সী এক নারীর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। দুজনেরই মৃত্যু হয়েছে দমবন্ধ হয়ে। পরে আরও এক বিবৃতিতে জানানো হয়, ৪৮ বছর বয়সী আরেক নারীকে কাছাকাছি একটি সড়ক থেকে শ্বাসরোধজনিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান।

ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জয় পাওয়ার আনন্দে হাজারও মেক্সিকান রাজধানীর রাস্তায় নেমে আসেন। তবে উল্লাসের মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে জরুরি সেবা কর্মী ও প্যারামেডিকদের সড়কে অসুস্থ হয়ে পড়া মানুষদের চিকিৎসা দেয়ার বিভিন্ন ছবি।

দুই কোটিরও বেশি মানুষের আবাসস্থল মেক্সিকো সিটির মহানগর এলাকা বড় ধরনের জনসমাগম ও উদযাপনের সঙ্গে পরিচিত হলেও এবারের উদযাপন মর্মান্তিক ঘটনায় পরিণত হয়েছে।

  • ইকুয়েডর
  • বিশ্বকাপ
  • মৃত্যু
  • মেক্সিকো