বিদ্যুৎস্পৃষ্টে এক পরিবারের ৩ জনের মৃত্যু

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে
প্রতীকী ছবি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার। সোমবার (৬ জুলাই) বিকালে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন অনন্তপুর গ্রামের নুরুল আমিন (৬৫), তার স্ত্রী ফাতেমা আক্তান (৫০) ও ছেলে ফরহাদ শাহ (৩০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অনন্তপুর গ্রামের নুরুল আমিনের বাড়িতে একটি মুদি দোকান রয়েছে। আজ সোমবার দুপুরে দোকানঘর মেরামত করছিলেন তিনি ও তার ছেলে ফরহাদ শাহ। এসময় দোকান ঘরের টিনে ঘরের পাশে থাকা বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে যায়। এতে নুরুল আমিন ও তার ছেলে ফরহাদ শাহ বিদ্যুৎস্পৃষ্ট হন। তখন চিৎকার শুনে ছেলেকে বাঁচাতে গিয়ে ও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং তিনজনই গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে।

  • বিদ্যুৎস্পৃষ্ট
  • বিশ্বম্ভরপুর
  • মৃত্যু
  • সুনামগঞ্জ