ছবি: সংগৃহীত
দক্ষিণ স্পেনের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। তীব্র তাপপ্রবাহের মধ্যে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ১৫০ জন দমকলকর্মী কাজ করছেন।
আন্দালুসিয়া আঞ্চলিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, লস গালিয়ারদোস এলাকার দাবানলে ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর মোট মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের বেশিরভাগই বেদার গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী গুরুতর দগ্ধ হয়ে এবং ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলেই আরও চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সামান্য দগ্ধ হওয়া ও ঘন ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছিলেন।
দাবানলের কারণ এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি বিদ্যুৎ লাইন ছিঁড়ে শুকনো ঝোপঝাড়ে আগুন লাগার পর তা দ্রুত আশপাশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে।
আগুনের বিস্তার ঠেকাতে কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় ৫০ জনকে একটি সাংস্কৃতিক কেন্দ্রে অস্থায়ীভাবে আশ্রয় দেওয়া হয়েছে।
স্পেনের বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় নিয়োজিত সামরিক জরুরি ইউনিটও আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
