ফাইল ছবি
রাজধানীর বংশাল থানাধীন মুকিম বাজার রোডের শিয়া গলি এলাকায় একটি মোটর পার্টসের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেলওয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় নাজমুল হোসেন (৩৩) নামে আরও একজন গুরুতর দগ্ধ হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
তাদের হাসপাতালে নিয়ে আসা ওই দোকানের কর্মচারী মো. হামিদুল ইসলাম জানান, ভোরে মোটর পার্টসের দোকানে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় দোকানের একটি ভারী বস্তু দেলওয়ার হোসেনের মাথার ওপর পড়লে তিনি গুরুতর আঘাত পান এবং সেই সঙ্গে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
হামিদুল ইসলাম আরও জানান, ঘটনাটি দেখার পরপরই তারা ফায়ার সার্ভিসকে খবর দেন আশেপাশের লোকজন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। সকাল ৬টা ৩০ মিনিটে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দেলওয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।
নিহত দেলওয়ার হোসেনের গ্রামের বাড়ি যশোরের শার্শা উপজেলার ৪ নং ডিহি ইউনিয়নের ডিহি উত্তর এলাকায় । তার বাবার নাম আব্দুল খালেক। তিনি বংশাল এলাকায় মোটর পার্টসের ব্যবসা করতেন। অন্যদিকে, দগ্ধ নাজমুল হোসেন সম্পর্কে নিহতের খালাতো ভাই। তিনি বর্তমানে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার অবস্থা শঙ্কামুক্ত।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দেলওয়ারের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট বংশাল থানাকে অবগত করা হয়েছে।
