রেলস্টেশন পরিচ্ছন্নতাকর্মী বাক্‌প্রতিবন্ধী ববি হত্যার অভিযোগে গ্রেপ্তার ৫

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১২ minutes ago
ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পরিচ্ছন্নতাকর্মী ও বাক্‌প্রতিবন্ধী ববি বেগম হত্যা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ। এ অভিযানে রেলওয়ে ডিবি পুলিশ ও নরসিংদী র‍্যাব-১১ ক্যাম্পের সদস্যরা সহায়তা করেন। ৯ ও ১০ জুলাই ভোর পর্যন্ত ঢাকা, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাকিব মিয়া (২০), ইলিয়াস হোসেন (৩৫), বিল্লাল মিয়া (২৫), দ্বীন ইসলাম (২৬) ও রিফাত মিয়া (২০)।

পুলিশের বরাতে জানা যায়, গত ৫ জুলাই রাত দুইটার দিকে নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত একটি কক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় ববি বেগমকে মারধর করে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা দীর্ঘদিনের জমানো প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। হামলায় তার চোখ, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তবে হাসপাতালে থাকতে অস্বস্তিবোধ করায় তাকে স্টেশনের পরিত্যক্ত কক্ষে রাখা হয়।

৮ জুলাই রাতে আবারও অসুস্থ হয়ে পড়লে ববি বেগমকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত সোয়া একটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে নরসিংদী সদর হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ৭ জুলাই মেথিকান্দা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাহীন মিয়া বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন।

জানা গেছে, ববি বেগম প্রায় ২৫ বছর ধরে মেথিকান্দা রেলওয়ে স্টেশনে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন। ৮ জুলাই ময়নাতদন্ত শেষে রাত নয়টার দিকে স্টেশন-সংলগ্ন এলাকায় তার দাফন সম্পন্ন হয়। জানাজায় রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান, ভৈরব রেলওয়ে থানার ওসি সাইদ আহমেদ, পুলিশের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় শতাধিক মানুষ অংশ নেন।

ভৈরব রেলওয়ে থানার ওসি সাইদ আহমেদ বলেন, ঘটনার পর তিনি মেথিকান্দা রেলওয়ে স্টেশন পরিদর্শন করে আহত ববি বেগমের সঙ্গে দেখা করেন এবং তাকে আর্থিক সহায়তা দেন। তিনি বলেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। ১০ জুলাই তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

  • গ্রেপ্তার
  • ববি
  • বাক্‌প্রতিবন্ধী
  • হত্যা