পাঁচ জেলায় পানিতে ডুবে আট শিশুর মৃত্যু

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১১ ঘন্টা আগে

মাগুরা, নাটোর, জামালপুর, বাগেরহাট ও সুনামগঞ্জে পানিতে ডুবে মোট আট শিশুর মৃত্যু হয়েছে।  মঙ্গলবার প্রতিনিধিদের পাঠানো সংবাদে এ তথ্য জানা গেছে। 

মাগুরা:  বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।  মঙ্গলবার সকালে সদরের বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। ওই দুই শিশুর নাম নুসরাত (৭) ও নাঈম (৬)। নুসরাত বালিয়াডাঙ্গা গ্রামের লিটন মিয়ার মেয়ে। নাঈম পাশের বাসার জামাল উদ্দিনের ছেলে। নুসরাত ও নাঈম সম্পর্কে ফুফু-ভাতিজা।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ বালিয়াডাঙ্গায় ডোবার পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর সুরতহাল প্রস্তুত করেছে। পরে পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ বুঝিয়ে দেওয়া হয়।

নাটোর: জেলার বড়াইগ্রাম উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ণকলস গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো পূর্ণকলস গ্রামের মিন্টু মিয়ার ছেলে আরাফাত রহমান (১১) ও রাজু আহম্মেদের ছেলে মোহাম্মদ আলী (১০)। তারা দু’জনেই পূর্ণকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জামালপুর : জেলার মাদারগঞ্জ ও বকশীগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। মাদারগঞ্জে জোড়খালি ইউনিয়নের বেতেগা বড় বাড়িতে উঠানে গর্তে জমে থাকা পানিতে ডুবে ইয়ামিন নামের দেড় বছর বয়সী এক শিশু, অপরদিকে বকশীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মাদারগঞ্জে নিহত ইয়ামিন বেতেগা গ্রামের এলাকার জাহিদুল ইসলামের ছেলে। বকশীগঞ্জের মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় শিশু মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

অন্যদিকে, বকশীগঞ্জ উপজেলায় বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বকশীগঞ্জ থানার কামালের বার্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সকালে  বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।

বাগেরহাট: জেলার মোল্লাহাট উপজেলায় পানিতে ডুবে তাছলিমা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  মঙ্গলবার উপজেলার চরদারিয়ালা আশ্রায়ন প্রকল্পে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত তাছলিমা নগরকান্দী গ্রামের আলামিন বিশ্বাসের কন্যা।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সুনামগঞ্জ: জেলার শাল্লায় পানিতে ডুবে গগণ দাশ (৭) নামে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে নিজ বাড়ির সামনে ধান শুকানোর খলা সংলগ্ন ছোট বিলের পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়। শিশু গগণ দাশ ৪নম্বর শাল্লা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের গণেশ দাশের ছেলে।

শাল্লা মেডিকেল হাসাপাতালের অফিসার ডা রাজীব বিশ্বাস বলেন, শিশুটিকে মেডিক্যালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়। আমরা শারীরিকভাবে পরীক্ষা করে পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি।

শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকিবুজ্জামান জানান, পানিতে পড়ে শিশু মৃত্যুর খবর শুনেছি। আইনি প্রক্রিয়ার জন্য পুলিশ পাঠানো হয়েছে।

  • পানি
  • মৃত্যু
  • শিশু