পর্তুগালে ট্রেনের ধাক্কায় টাঙ্গাইলের যুবক নিহত, আহত ৪ বাংলাদেশি

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

পর্তুগালের দক্ষিণাঞ্চলীয় আলগার্ভ প্রদেশের মেশিলহোইরা গ্রান্দে এলাকায় সড়ক দুর্ঘটনায় রাম প্রসাদ সরকার (৩৫) নামে টাঙ্গাইলের মির্জাপুরের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার বাংলাদেশি অভিবাসী গুরুতর আহত হয়েছেন। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মো. ময়নাল হক।

মঙ্গলবার (১২ মে) দেশটির স্থানীয় সময় বিকেলে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে বাংলাদেশীদের বহনকারী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাম প্রসাদ সরকার মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের সরিষাদাইড় গ্রামের নিপেন্দ্র সরকারের ছেলে। তিনি মির্জাপুর বাজারে ল্যাপটপ ও কম্পিউটার মেরামতের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। উন্নত জীবনের আশায় মাত্র ১০ দিন আগে তিনি পর্তুগালে পাড়ি জমান।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ বাংলাদেশি অভিবাসীকে নিয়ে একটি ব্যক্তিগত মাইক্রোবাস রেলক্রসিং পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রেন গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি রেললাইনের পাশেই ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই রাম প্রসাদ সরকারের মৃত্যু হয়। আহত চারজনকে দ্রুত পোর্তিমাও ও ফারো হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

  • ট্রেন
  • ধাক্কা
  • নিহত
  • পর্তুগাল
  • বাংলাদেশি