চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেলের আরোহী দুই বন্ধুর মৃত্যু

লেখক:
প্রকাশ: ৭ দিন আগে
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেলের আরোহী দুই বন্ধুর মৃত্যু ও আরও এক বন্ধু আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার সদর ইউনিয়নের দুধপাতিলা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন উপজেলার দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সড়াবাড়িয়া গ্রামের রায়হান রাজ (১৭) ও তার বন্ধু সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মোর্তুজাপুর আবদুল্লাহ আল মামুন (২২)। পা কাটা পড়ে আহত হয়েছেন দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগি গ্রামের বাসিন্দা আবদুল কাদের (২২)। কাদেরকে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল নেওয়া হলে সেখান থেকে পরে ঢাকায় পাঠানো হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ এবং দামুড়হুদা মডেল থানা-পুলিশের পৃথক দুটি দল ঘটনাস্থলে পৌঁছিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন।

 জানা গেছে, গতকাল বিকেলে কাদের দুই বন্ধু আবদুল্লাহ আল মামুন ও রায়হান রাজকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে তারা দামুড়হুদার দুধপাতিলা রেলক্রসিং পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা মহানন্দা মেইল ট্রেন তাদের মোটরসাইকেলটিকে জোরে ধাক্কা দেয়। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই আবদুল্লাহ আল মামুন ও রায়হান রাজের মৃত্যু হয় এবং কাদের আহত হন।

দামুড়হুদা মডেল থানার এসআই শামসুর রহমান বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে রাত পৌনে নয়টার দিকে জিআরপি ওই দুজনের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গায় নিয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাউদ্দিন জানান, দুর্ঘটনার পর ওই দুজনের লাশ শনাক্ত করাসহ আইনি প্রক্রিয়ায় রেলওয়ে পুলিশকে সহযোগিতা করা হয়েছে।

রেলওয়ে পুলিশের এসআই জগদীশ চন্দ্র বসু জানান, মৃত দুজনের পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া রাত ১১টার দিকে লাশ হস্তান্তর করা হয়েছে।

  • আরোহী
  • কাটা
  • চুয়াডাঙ্গা
  • ট্রেন
  • মৃত্যু
  • মোটরসাইকেল