বুড়িগঙ্গা থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ ঘন্টা আগে
প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর বলে পুলিশ জানিয়েছে। শনিবার (১৬ মে) সকালে বছিলা সেতুর নিচে বুড়িগঙ্গা নদীতে ওই যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন।

বছিলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আলাউল হক বলেন, অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। লাশে একাধিক আঘাতের চিহ্ন এবং গলায় ধারালো অস্ত্রের কাটার দাগ রয়েছে। পরনে ছিল কালো-সাদা রঙের ট্রাউজার ও নেভি ব্লু ফুলহাতা গেঞ্জি।

আলাউল হক আরও বলেন, লাশটি অন্তত ৭ থেকে ১০ দিন পানিতে থাকায় শরীরে পচন ধরেছে। এ কারণে প্রযুক্তির সহায়তা নিয়েও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

  • গলাকাটা
  • বুড়িগঙ্গা
  • যুবক
  • লাশ