টেকনাফের রোহিঙ্গাক্যাম্পে গোলাগুলিতে নিহত ১

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ ঘন্টা আগে
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে হাসান আহমেদ ওরফে ‘কালা হাসান’ (৪৫) নামে একজন নিহত হয়েছে। নিহত হাসান আহমেদ ওরফে ‘কালা হাসান’টেকনাফ নয়াপাড়া ক্যাম্পের সুলতান আহমেদের ছেলে।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদার। এর আগে বৃহস্পতিবার রাতে টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকে এ  ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাতে পুলিশ জানায়, ক্যাম্পে ‘জকির’ ও ‘সাদ্দাম’ গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে হাসান গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা প্রথমে তাকে ক্যাম্পসংলগ্ন জিকে হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদার বলেন, বৃহস্পতিবার রাতে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে হাসান আহমেদ নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে। এ ঘটনার খবর পেয়ে এপিবিএন পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে সশস্ত্র সন্ত্রাসীদের আটকের চেষ্টা চালায়। সন্ত্রাসীরা হাসান নামে ওই রোহিঙ্গাকে গুলি করে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, পরবর্তী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রয়েছে। এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

 

  • গোলাগুলি
  • টেকনাফ
  • নিহত
  • রোহিঙ্গাক্যাম্প