ভোলায় গৃহবধূ হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড, দুজনকে যাবজ্জীবন

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ ঘন্টা আগে

ভোলার চরফ্যাশন উপজেলায় গৃহবধূ বকুল বেগম হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আরও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আরও কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন বিচারক। রোববার দুপুরে ভোলা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. শওকত হোসাইন এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) হযরত আলী হিরণ জানান।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন দুলারহাট থানার মুজিবনগরের আব্দুল মালেক পণ্ডিত, মোহাম্মদ ইব্রাহিম ও আব্দুল মান্নান। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ রফিক। প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অপরাধীকে পালাতে সহায়তা করার দায়ে মোহাম্মদ জসিম, মোহাম্মদ ফিরোজ ও মোহাম্মদ সোহাগকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া মোহাম্মদ আলম বাচ্চু মেলকারকে দুই বছর সশ্রম কারাদণ্ড, মোহাম্মদ কবিরকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার বরাতে আইনজীবী বলেন, ২০২২ সালের ২৯ নভেম্বর রাতে দুলারহাট থানাধীন মুজিবনগর ইউনিয়নের শিকদারের চর ৯ নম্বর ওয়ার্ডে মো. আলম বাচ্চু মেলকারের বসতঘরের সামনের বারান্দায় ঘুমিয়ে থাকা অবস্থায় গৃহবধূ বকুল বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে আসা তার বড় বোন মুকুল বেগমও হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। এ ঘটনায় দুলারহাট থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।

  • গৃহবধূ
  • ভোলা
  • মৃত্যুদণ্ড
  • যাবজ্জীবন
  • হত্যা