যৌন নিপীড়নের অভিযোগে আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

লেখক: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ২১ ঘন্টা আগে

যৌন নিপীড়ন ও গুরুতর পেশাগত অসদাচরণের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি (চিফ প্রসিকিউটর) করিম খানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বৃটিশ এই আইনজীবীর বিরুদ্ধে দীর্ঘ তদন্ত ও অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রক্রিয়ার শুনানি শেষে সোমবার রাতে নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আইসিসির গভর্নিং বডি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করে। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। বিশ্বের যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারকারী সর্বোচ্চ এই আদালতের ইতিহাসে কোনো প্রধান প্রসিকিউটরের এভাবে বরখাস্ত হওয়ার ঘটনা এটিই প্রথম।

গার্ডিয়ানের হাতে আসা আদালতের একটি গোপন নথি থেকে জানা গেছে, আইসিসির ২১টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কার্যনির্বাহী কমিটি ‘কোয়ালিফাইড মেজরিটি’ বা বিশেষ সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে করিম খানকে দোষী সাব্যস্ত করেছে।

কমিটি স্পষ্ট জানিয়েছে, তদন্তে করিম খানের বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের অভিযোগ এবং গুরুতর অসদাচরণের প্রমাণ মিলেছে। জাতিসংঘের একটি স্বাধীন নজরদারি সংস্থা এবং আন্তর্জাতিক বিচার বিভাগীয় বিশেষজ্ঞদের একটি বিশেষ প্যানেলের যৌথ তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সাথে অভিযোগকারী নারী এবং করিম খানের লিখিত বক্তব্যও পর্যালোচনা করেছে কমিটি।

  • আইসিসি
  • প্রধান প্রসিকিউটর
  • বরখাস্ত
  • যৌন নিপীড়ন