বগুড়ায় পুকুর থেকে নবজাতকের গলাকাটা মরদেহ উদ্ধার

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে
প্রতীকী ছবি

বগুড়ায় পুকুর থেকে এক নবজাতকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া সদরের তেলিহারা উত্তরপাড়া গ্রামের একটি পরিত্যক্ত পুকুরের কচুরিপানা থেকে পুলিশ লাশ উদ্ধার করে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শনিবার সকাল ১০টার দিকে গ্রামের লোকজন পুকুরের কচুরিপানায় নবজাতকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, ছেলে নবজাতকের লাশের গলায় ধারালো অস্ত্র দিয়ে কাটা রয়েছে।

সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, সন্তান প্রসবের পরপর গলা কেটে হত্যা করে লাশ পুকুরে ফেলে গেছে। লাশের পরিচয় উদ্‌ঘাটনের জন্য কাজ চলছে।

  • উদ্ধার
  • নবজাতক
  • বগুড়া
  • মরদেহ