ফরিদপুরে বাসচাপায় নিহত ৫

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে
প্রতীকী ছবি

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসচাপায় ৫ জন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার আলগি ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী মহাসড়কের অন্তত চারটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। বর্তমানে স্থানীয়রা সড়কটি অবরোধ করে রেখেছেন। ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঢাকা-খুলনা মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে ছিল পিকআপটি। ঢাকা থেকে খুলনাগামী নড়াইল এক্সপ্রেসের যাত্রীবাহী বাসটি দাঁড়িয়ে থাকা পিকআপটিকে জোরে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

ওসি বলেন, দুর্ঘটনার পর পরই বিক্ষুব্ধরা বাসটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন গিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে জানিয়েছেন ওসি মিজানুর রহমান।

  • নিহত
  • ফরিদপুর
  • বাসচাপা