হরিদাস চন্দ্রের মুক্তির দাবি পূজা উদযাপন পরিষদের

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ minutes ago

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বহুল আলোচিত শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির ও কালীমন্দির কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। একই সঙ্গে তাকে অবিলম্বে জামিনে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১৩ জুলাই) এক বিবৃতিতে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটি জানায়, গত ১২ জুলাই রাতে হরিদাসচন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আলোচিত মন্দির কমপ্লেক্সে ৮১ ফুট উঁচু রাম মূর্তি নির্মাণের উদ্যোগ নেওয়ার পর হরিদাসচন্দ্র তরণী সম্প্রতি আলোচনায় আসেন। মূর্তি নির্মাণের বিরোধিতা করতে গিয়ে ভগবান রামচন্দ্রের পবিত্র ছবিতে জুতা নিক্ষেপ এবং হিন্দু ধর্মের বিরুদ্ধে উগ্রবাদী প্রচারণা চালিয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভীতি ও শঙ্কা তৈরি করা হয়েছে।

পূজা উদযাপন পরিষদ আরও অভিযোগ করে, হিন্দু ধর্ম অবমাননার ঘটনায় এখন পর্যন্ত সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো  গ্রেপ্তারে বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক শচীন্দ্র নাথ বাড়ৈ।

  • দাবি
  • পূজা উদযাপন পরিষদ
  • মুক্তি
  • হরিদাস চন্দ্র