নরসিংদীতে খালের পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে
প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরায় খালের পানিতে গোসল করতে নেমে একই সঙ্গে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ২ শিশু গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯) ও রুবেল মিয়ার মেয়ে জান্নাত (৮) এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। নিহতরা সবাই বড়কান্দা এলাকার গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদ্রাসার শিশুশিক্ষার্থী ছিলেন।

নিহতের স্বজনরা জানায়, মাদ্রাসার বিরতির পর একসঙ্গে ৬ জন শিক্ষার্থী পাশের একটি খালে গোসল করতে নামে। ৬ জনের মধ্যে দুজন পাড়ে এসে স্থানীয়দের জানালে একে একে চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এরমধ্যে তিনজনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অপর জনের মরদেহ পারিবারিক জিম্মায় বাড়িতে নেয়া হয়েছে।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুর রহমান জানান, দুপুর ১টায় চার জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের কারোর হার্টবিট পাওয়া যাচ্ছিলো না।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) নাজমুল হাসান বলেন, পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় চার শিশুর লাশ শনাক্ত করা হয়েছে। আরো দুই শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং এক শিশু পারিবারিক ভাবে বাড়িতে নেয়া হয়েছে বলে শুনেছি। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নিহতদের স্বজনদের শান্তনা দিয়ে প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা করেন।

  • নরসিংদী
  • মাদরাসাছাত্রী
  • মৃত্যু