এইচএসসি পরীক্ষার্থীকে আটকে রেখে ব্ল্যাকমেইলের অভিযোগ, আটক ৩

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে
প্রতীকী ছবি

রাজধানীর ভাটারা এলাকার একটি বাসায় এক এইচএসসি পরীক্ষার্থীকে আটকে রেখে মাদক সেবনের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও টাকা আদায়ের অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ভাটারা থানাধীন জোয়ার সাহারা বাজারসংলগ্ন একটি বাসা থেকে তিনজনকে আটক করা হয়। তারা হলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব ও ওয়াসিদ এবং এক এইচএসসি পরীক্ষার্থী।

পুলিশ জানিয়েছে, সাকিব ও ওয়াসিদ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা প্রায়ই ওই বাসায় যাতায়াত করতেন। অপরদিকে, ওই এইচএসসি পরীক্ষার্থীর সঙ্গে কিছুদিন আগে ওয়াসিদের পরিচয় ও সখ্যতা গড়ে ওঠে। শুক্রবার সকাল ৯টার দিকে ওই এইচএসসি পরীক্ষার্থী ওয়াসিদের সঙ্গে জোয়ার সাহারা বাজারসংলগ্ন একটি ভবনের পঞ্চম তলার বাসায় যান। বাসাটি সাকিবের নানার বলে জানা গেছে।

ওই এইচএসসি পরীক্ষার্থীর অভিযোগ, একপর্যায়ে তারা ইয়াবা ও হেরোইন সেবন করেন। পরে ওয়াসিদ তার মাদক সেবনের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল শুরু করেন এবং টাকা দাবি করেন। ভয়ভীতি দেখিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তার কাছ থেকে দুই হাজার টাকা নেওয়া হয়। এরপর আরও টাকা দাবি করা হলে তা দিতে অস্বীকৃতি জানায়।

অভিযোগ অনুযায়ী, টাকা দিতে রাজি না হওয়ায় ওয়াসিদ ও সাকিব তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে নেন এবং তাকে বাসার ভেতরে আটকে রাখেন। এ সময় ওই এইচএসসি পরীক্ষার্থী বাসার বারান্দা থেকে চিৎকার শুরু করলে ভবনের নিচে থাকা লোকজন বিষয়টি টের পান। বাড়ির দারোয়ানসহ স্থানীয়রা ঘটনাটিকে সন্দেহজনক মনে করে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসার ভেতর থেকে চিৎকার শুনে তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মওদুদ বলেন, এক বন্ধুর বাসায় কয়েকজন মাদক সেবন করছেন—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযানে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এক এইচএসসি পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে টাকা দাবি এবং ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগও পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ, মাদক সেবনের বিষয়, ব্ল্যাকমেইল ও টাকা আদায়ের অভিযোগসহ সবকিছু তদন্ত করে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • অভিযোগ
  • আটক
  • এইচএসসি
  • পরীক্ষার্থী
  • ব্ল্যাকমেইল