প্রতীকী ছবি
রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে অস্ত্রের মুখে বাবা-ছেলেকে অপহরণ করে চাঁদা আদায়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. বিল্লাল, মো. জুম্মন ও শেখ মো. ফয়সাল। রোববার রাজধানীর মিরপুরে র্যাব-৪ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি।
এ কমান্ডার জানান, অপহরণের শিকার মো. মাহফুজুর রহমান একজন ব্যবসায়ী। তিনি সবুজবাগ এলাকার বাসিন্দা। ২ জুলাই রাত সাড়ে ১২টার পর ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে মোহাম্মদপুরে এক আত্মীয়ের বাসা থেকে ফিরছিলেন। পথে কল্যাণপুরের দারুসসালাম জামে মসজিদের নিচে একটি দোকানে পানি কিনতে থামেন। মোটরসাইকেল চালু করার সময় পাঁচ থেকে ছয়জন ব্যক্তি দেশীয় অস্ত্রের মুখে বাবা-ছেলেকে জিম্মি করে পাশের একটি পুরোনো ভবনের চিলেকোঠায় নিয়ে যান।
র্যাবের ভাষ্য, সেখানে তাঁদের ওপর শারীরিক নির্যাতন চালিয়ে বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা আদায় করা হয়। পরে তাঁদের ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখানো হয়। এরপর মোবাইল ফোন, নগদ টাকা ও মোটরসাইকেল রেখে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে ছেড়ে দেওয়া হয়। পরে ভুক্তভোগীরা হাসপাতালে চিকিৎসা নিয়ে দারুসসালাম থানায় মামলা করেন। সেই মামলার তদন্তে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দারুসসালাম, শাহ আলী, মিরপুরসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
