ফাইল ছবি
রাজধানীর তেজগাঁও কারওয়ান বাজার রেলগেট এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে। রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা পথচারী আবদুর রহমান জানান, বিকেল পৌনে ৪টার দিকে তিনি কারওয়ান বাজার রেলগেট এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। ওই ব্যক্তি তাকে উদ্দেশ করে বলতে থাকেন, ‘আমাকে বাঁচান, আমারে হাসপাতালে নিয়ে যান। আমার পেটে রড ঢুকেছে।’ তবে রড কীভাবে পেটে ঢুকল কিংবা কেউ তাকে আঘাত করেছে কি না, সে বিষয়ে ওই ব্যক্তি কিছু বলতে পারেননি।
আবদুর রহমান আরও জানান, তাৎক্ষণিকভাবে তিনি অন্য আরেকজনের সহযোগিতা নিয়ে গুরুতর আহত ওই ব্যক্তিকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
টনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, নিহতের পেটে রক্তাক্ত জখম রয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।
