শফিক হত্যা মামলায় দুজনের মৃত্যদণ্ড

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে
প্রতীকী ছবি

রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মোসাদ্দেক মিনহাজ এ রায় ঘোষণা করেন।

বিচারক রায়ে কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. সোহেল রানা ওরফে কালু ও মো. নাজিম উদ্দিন ওরফে নাজিম ওরফে নজু। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়ে বিচারক বলেন, আসামিরা পেশাদার অপরাধী। তাদের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও মাদকের একাধিক মামলা রয়েছে। একজন সম্ভাবনাময় শিক্ষিত যুবককে ধারালো অস্ত্র দিয়ে উপুর্যপরি আঘাতের মাধ্যমে নির্মমভাবে খুন করা হয়েছে ছিনতাই করতে গিয়ে, তাই আসামিরা সর্বোচ্চ শাস্তি পেতে হকদার।

নথি থেকে জানা গেছে, ২০০৫ সালের ২২ জুন ভোর সোয়া ৪টার দিকে এজাহারকারীর ছেলে শফিক বগুড়া হতে এস আর পরিবহণে ঢাকার কল্যাণপুর বাসস্ট্যান্ডে নেমে তার বন্ধুর বাসায় যাওয়ার উদ্দেশে রওনা করেন। এশিয়া সিনেমা হলের সম্মুখে পৌঁছলে তিনজন আসামি ছিনতাইয়ের উদ্দেশ্যে তার পথরোধ করে ধারালো অস্ত্র দ্বারা ভয়ভীতি প্রদর্শন করে সঙ্গে থাকা নগদ অর্থ, মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে শফিকের শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দ্বারা এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভুক্তভোগী মার যায়।

এ ঘটনায় নিহতের বাবা মো. আকবর আলী বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলা দায়েরের পর আসামি মো. সোহেল রানা ওরফে কালুকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর সে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেন। ২০০৬ সালের ৫ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক মো. রেজাউল করিম আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে একই বছরের ২৩ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচারকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

  • মামলা
  • মৃত্যদণ্ড
  • শফিক
  • হত্যা