পরিচালনা পর্ষদের হাতে ফিরল এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মচারী নিয়োগ প্রক্রিয়া

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে
ফাইল ছবি

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজে শিক্ষক ছাড়া অন্যান্য কর্মচারী নিয়োগের ক্ষমতা আবারও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের হাতে ফিরিয়ে দিয়েছে সরকার। এ লক্ষ্যে জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে গঠিত কমিটির মাধ্যমে নিয়োগের সুপারিশের বিধান বাতিল করা হয়েছে।

আজ মঙ্গলবার (২১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করে ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বরের পরিপত্র বাতিল করে। একই সঙ্গে ২০২৪ সালের ১০ জানুয়ারি জারি করা নির্দেশমালার সংশ্লিষ্ট বিধান পুনর্বহালের কথা জানানো হয়।

পরিপত্র অনুযায়ী, এমপিওভুক্ত বেসরকারি নিম্নমাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিক কলেজ ও স্নাতক (পাস) কলেজে শিক্ষক ছাড়া অন্যান্য এমপিওভুক্ত পদে নিয়োগের দায়িত্ব আবারও পরিচালনা পর্ষদ পালন করবে।

এতে বলা হয়েছে, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগসংক্রান্ত বিধান অপরিবর্তিত থাকবে। তবে শিক্ষক ছাড়া অন্যান্য এমপিওভুক্ত পদে নিয়োগের ক্ষেত্রে ২০২৪ সালের নির্দেশমালার সংশ্লিষ্ট বিধান কার্যকর হবে।

এর ফলে ট্রেড সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম হিসাব সহকারী, কম্পিউটার ল্যাব অপারেটর, গবেষণা বা ল্যাব সহকারী, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, নৈশপ্রহরী, আয়া ও অফিস সহায়ক পদে আগের নিয়মেই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।

এর আগে ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর জারি করা পরিপত্রের মাধ্যমে এসব পদে নিয়োগের সুপারিশের দায়িত্ব জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটির ওপর ন্যস্ত করা হয়েছিল। নতুন পরিপত্রে সেই সিদ্ধান্ত বাতিল করে আগের ব্যবস্থা পুনর্বহাল করা হয়েছে।

  • এমপিওভুক্ত
  • কর্মচারী
  • নিয়োগ
  • প্রক্রিয়া
  • স্কুল-কলেজ