প্রতীকী ছবি
চট্টগ্রামে একটি পুকুর থেকে মো. ইউসুফ (৫২) নামে এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার নগরীর দামপাড়া পল্টন রোডের বাগমনিরাম সিটি করপোরেশন স্কুলের সামনের পুকুর থেকে ওই ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, মো. ইউসুফ আনুমানিক দুই দিন আগে মারা গেছেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার জেলার কসবা থানার মান্দারপুর এলাকায়।
স্থানীয় সূত্র জানায়, ইউসুফ একসময় পরিবার নিয়ে নগরীর ব্যাটারিগলি এলাকায় থাকতেন। তবে ছেলেমেয়েরা আলাদা বাসায় চলে যাওয়ায় সেই বাসা ছেড়ে দিয়ে ভবঘুরে জীবনযাপন শুরু করেন। রাতে কখনো রিকশায় কিংবা মাজারে ঘুমাতেন। বিভিন্ন সময়ে বাগমনিরাম সিটি করপোরেশন স্কুলের সামনের পুকুরে গোসল করতেন ইউসুফ।
চকবাজার থানার ওসি মো. নূর হোসেন মামুন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। তবে তার শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি মৃগী রোগী ছিলেন এবং ভবঘুরে জীবনযাপন করতেন বলে স্থানীয়রা জানিয়েছে। খবর পেয়ে মৃতের ভাই ও ছেলে এসে পরিচয় নিশ্চিত করেন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
