খুলনার কয়রায় ভবতোষ মৃধা (৪০) নামের এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ মে) গভীর রাতে বসতঘরে সিধ কেটে প্রবেশ করে তাকে হত্যা করা হয় বলে জানা গেছে।
নিহত ভবতোষ মৃধা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের যশো মৃধার ছেলে। তিনি উপজেলার গিলাবাড়ি বাজারে একটি ঔষধের দোকান পরিচালনা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৮ মে) রাত আনুমানিক ১টার দিকে একদল দুর্বৃত্ত সিঁধ কেটে তার ঘরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে ভবতোষ মৃধা চিৎকার করলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়।
এসময় বাধা দিতে গেলে তার স্ত্রীকেও কুপিয়ে আহত করা হয় বলে জানা গেছে। পরে স্থানীয়রা আহত অবস্থায় ভবতোষ মৃধাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম বলেন, ব্যবসায়ী ভবতোষ মৃধা হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
