প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী বড় আলমদী শাউপাড়া নির্জন বাগান এলাকা থেকে আশরাফুল ইসলাম নামে গ্রামপুলিশের কিশোর ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। রোববার ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত আশরাফুল ইসলাম (১৭) উপজেলার বারদী ইউনিয়নের মহিলা গ্রামপুলিশ সদস্য ফুলেছা বেগমের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার সকালে উপজেলার বারদী ইউনিয়নের বড় আলমদী শাউপাড়া এলাকায় বাড়ির পাশে একটি নির্জন বাগানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় কিশোর আশরাফুল ইসলামের লাশ দেখতে পান এলাকাবাসী। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে। ওই কিশোর অজ্ঞাত কারণে নিজের গলায় নিজেই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে উল্লেখ করা হলেও নিহতের পরিবার বলছে উল্টো কথা। তাদের ধারণা এটা আত্মহত্যা নয়, পরিকল্পিত একটি হত্যাকাণ্ড।
নিহত কিশোর আশরাফুল ইসলামের মা ফুলেছা বেগমের দাবি, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার আগে আমার ছেলের কয়েকজন বন্ধু তাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল। এরপর থেকেই সে নিখোঁজ ছিল।তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের গ্রেফতারের জোর দাবি জানান।
সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
