নবনিযুক্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট)আন্দোলন অব্যাহত রয়েছে। সোমবার সকাল থেকে শুরু হয়েছে পূর্বঘোষিত ‘ডুয়েট ব্লকেড’ কর্মসূচি। আন্দোলনরতরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এরপর থেকেই শিক্ষার্থীদের একটি অংশ নবনিযুক্ত ভিসির বিরোধিতা করে আন্দোলনে নামে।
তাদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয়। তাই এখানকার একাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা ভিন্ন। এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া উচিত।
বৃহস্পতিবার আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। গতকাল রোববার ভিসি সমর্থক ও আন্দোলনকারীদের মধ্যে এক পর্যায়ে সংঘর্ষে ২০ জন আহত হন। একই দাবিতে আজ সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের মূল ফটক বন্ধ করে দেন।
