দুপচাঁচিয়ায় মাংস বিক্রেতাকে খুন

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ ঘন্টা আগে
প্রতীকী ছবি

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় জমিতে ছাগল ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মানিক চৌধুরী (৫০) নামে এক মাংস বিক্রেতা নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) রাত ৯টার দিকে উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাজিড়া বাঙালি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মানিক চৌধুরী ঝাজিড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে নিহতের ভাই বুলুন চৌধুরীর একটি ছাগল স্থানীয় যুবক কাকরুলের ঘাসের জমিতে প্রবেশ করে ঘাস খায়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে রাতে মানিক চৌধুরী ঝাজিড়া বাঙালি বাজারে গেলে কাকরুল ও তার ভাতিজা রেজাউল তার ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা ধাতব বস্তু দিয়ে এলোপাথাড়ি আঘাত করলে গুরুতর আহত হন মানিক চৌধুরী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বলেন, মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

  • খুন
  • দুপচাঁচিয়া