জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ড. আবুল বারকাতের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। তবে নিম্ন আদালতে পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকার জেলা প্রশাসকের করা আবেদন বৃহস্পতিবার (২১ মে) খারিজ করে দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগ। আদালতে আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মুস্তাফিজুর রহমান খান।
গত বছরের ২০ ফেব্রুয়ারি আবুল বারকাতসহ ২৩ জনের নামে এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলায় ১১ জুলাই রাতে আবুল বারকাতকে গ্রেপ্তার করা হয়।
দুদকের দাবি, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারকাত পরস্পর যোগসাজশে জালজালিয়াতির মাধ্যমে এননটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে ২৯৭ কোটি টাকা ঋণ দিয়েছিলেন। আতিউর রহমান, তার সহযোগী অন্য ব্যক্তিরা বিভিন্ন অনৈতিক কৌশলে এ অর্থ আত্মসাৎ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
অধস্তন আদালতে বিফলের পর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। হাইকোর্টে জামিন পাওয়ার পর ঢাকা জেলা প্রশাসক এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন। যেটি আজ খারিজ হয়েছে।
আবুল বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ছিলেন।
