বগুড়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্রকে হত্যা

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ ঘন্টা আগে
প্রতীকী ছবি

বগুড়ার সারিয়াকান্দিতে ফুটবল খেলা নিয়ে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে এক শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার ঘুঘুমারি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী আবদুল্লাহ সাঈম মুস্তাকিম (১৫) উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। সে নওখিলা পি এন উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে ফুটবল খেলায় ফাউলকে কেন্দ্র করে নিজাম উদ্দিন উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শাহাদত হোসেনের সঙ্গে মুস্তাকিমের কথা–কাটাকাটি হয়। ওই ঘটনায় আজ দুপুর ১২টার দিকে ঘুঘুমারী গ্রামে সালিস বসে। সেখানে শাহাদত ও তার পরিবারের লোকজন মুস্তাকিমের ওপর হামলা চালান। একপর্যায়ে শাহাদত ছুরি দিয়ে আঘাত করে। এতে মুস্তাকিম গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন মুস্তাকিমকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নওখিলা পি এন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান কুমার সাহা বলেন, ছুরিকাঘাতের ঘটনা বিদ্যালয়ের বাইরে ঘটেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের উপযুক্ত বিচারের দাবি জানান তিনি।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, নিহত শিক্ষার্থীর লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করার চেষ্টা চলছে।

  • ছুরিকাঘাত
  • নিহত
  • বগুড়া
  • স্কুলছাত্র