গৃহবধূকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পাওনা টাকার বিষয়ে কথা বলার কথা বলে এক গৃহবধূকে বাসা থেকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। মামলার এক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন মো. লিটন (৪০), ইউসুফ হোসেন ফারুক (৫৭) ও মো. ইয়াসিন (২২)। তারা সবাই দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ দক্ষিণ কেরানীগঞ্জের সেন্টার গলির একটি ভাড়া বাসায় বসবাস করেন। প্রায় এক সপ্তাহ আগে তিনি পরিচিত এক ব্যক্তি নাদিমের কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নেন। ওই টাকার জামিনদার ছিলেন অভিযুক্ত লিটন।

মামলার অভিযোগ অনুযায়ী, বুধবার সন্ধ্যা ছয়টার দিকে লিটন, ইউসুফ হোসেন ফারুক ও ইয়াসিন পাওনা টাকার বিষয়ে কথা বলার কথা বলে ওই গৃহবধূকে বাসা থেকে বাইরে নিয়ে যান। পরে তাকে জোরপূর্বক মোটরসাইকেলে করে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার একটি নির্জন স্থানে নেওয়া হয়। সেখানে প্রথমে লিটন ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন। পরে অপর দুই অভিযুক্তও পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় আরও কয়েকজন ঘটনাস্থলে পাহারায় ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর স্বামী আসলাম মিয়া বলেন, ‘ঘটনার পর বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়। পরে রাত নয়টার দিকে তারা আমার স্ত্রীকে বাসার সামনে পৌঁছে দেয়। বাসায় ফিরে আমার স্ত্রী পুরো ঘটনা জানায়। এরপর আমি দ্রুত থানায় গিয়ে মামলা করি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার ও আসামিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।’

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই মামলা নেওয়া হয়েছে এবং এক ঘণ্টার মধ্যেই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইতি প্রক্রিয়া চলমান রয়েছে।’

  • অভিযোগ
  • গৃহবধূ
  • গ্রেপ্তার
  • ধর্ষণ
  • সংঘবদ্ধ