সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখাতে এবং হয়রানি না করতে হাইকোর্টের দেওয়া নির্দেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার (১৯ মে) আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু এ তথ্য নিশ্চিত করেছেন।

শুরুতে হাইকোর্ট তাঁকে পাঁচটি মামলায় জামিন দিলেও রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ তা স্থগিত করেছিলেন। পরবর্তীতে গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২৬ ফেব্রুয়ারি সেসব মামলাতেও তিনি জামিন পান। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আপিল বিভাগ ১০টি মামলায় আইভীর দেওয়া জামিন বহাল রাখেন।

জামিন প্রক্রিয়া চলাকালীনই সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩০ জুন দায়ের করা দুটি হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করে পুলিশ। নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গত ২ মার্চ ও ১২ এপ্রিল পৃথক দুটি আদেশে তাকে ওই মামলাগুলোতে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এই ‘শোন অ্যারেস্ট’ বা গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটটি করা হয়। রিটের শুনানি শেষে গত ২৬ এপ্রিল হাইকোর্ট একটি রুল জারি করেন। রুলে সিদ্ধিরগঞ্জ থানার ওই পৃথক দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং মৌলিক অধিকারের পরিপন্থি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।

একই সঙ্গে সুনির্দিষ্ট মামলা ছাড়া আবেদনকারীকে (আইভী) গ্রেপ্তার না দেখাতে এবং কোনো ধরনের হয়রানি না করতে নির্দেশ দেন হাইকোর্ট। এখন হাইকোর্টের দেওয়া সেই নির্দেশটি স্থগিত করার আরজি জানিয়ে আপিল বিভাগে আবেদন করল রাষ্ট্রপক্ষ।

গত বছরের ৯ মে ভোররাত ৩টার দিকে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে বিভিন্ন মামলায় তাকে পর্যায়ক্রমে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

  • আইভী
  • আবেদন
  • গ্রেপ্তার
  • রাষ্ট্রপক্ষ
  • সাবেক মেয়র