এক দশকে প্রথমবারের মতো কমবে বিশ্বজুড়ে চাল উৎপাদন

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

বিশ্বজুড়ে চাল উৎপাদন এক দশকে প্রথমবারের মতো হ্রাসের পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)। সংস্থাটির মে মাসের বৈশ্বিক শস্য প্রতিবেদন অনুযায়ী, ভারত, মিয়ানমার ও যুক্তরাষ্ট্রের মতো বড় উৎপাদনকারী দেশে ফলন নাটকীয়ভাবে কমে যাওয়ার কারণেই এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। খবর দ্য বিজনেসলাইন।

ইউএসডিএর সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ২০২৬-২৭ মৌসুমে বিশ্বজুড়ে চাল উৎপাদন কমে প্রায় ৫৩ কোটি ৮০ লাখ টনে নেমে আসতে পারে। এটি ২০১৫ সালের পর প্রথম বার্ষিক উৎপাদন হ্রাস। এর মাধ্যমে গত ১১ বছর টানা উৎপাদন বাড়ার যে ধারা ছিল, তা ভেঙে যেতে পারে। শীর্ষস্থানীয় উৎপাদনকারী দেশগুলোয় চাল উৎপাদন গত বছরের তুলনায় সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত কমতে পারে, যা আন্তর্জাতিক বাজারে বড় ধরনের টানাপড়েন তৈরি করবে।

বিশ্বের খাদ্য ব্যবস্থার প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করা হয় চালকে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্য অনুযায়ী, বিশ্বের মোট খাদ্য চাহিদার প্রায় ২০ শতাংশই পূরণ হয় চাল থেকে। ফলে এ পরিস্থিতি বিশ্বজুড়ে খাদ্যনিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ ও মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি করেছে।  সাধারণত অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোয় সামাজিক স্থিতিশীলতা ধরে রাখতে চালের বাজার স্বাভাবিক থাকাটা বেশ জরুরি।

 

  • ইউএসডিএ
  • উৎপাদন
  • চাল
  • হ্রাস